ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মায়েরা আমাদের মাথার তাজ এবং তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি তার একটি বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া বিতর্কের জবাবে তিনি বলেন, “কয়েকদিন আগে আমার বিরুদ্ধে লেগে গেছে। লেগে লাভ হবে না, বরং আপনারাই ফেঁসে যাবেন। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি বলেই আমার পেছনে লাগা হয়েছে।”

ছাত্র সংসদের নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “ডাকসু দিয়ে শুরু হয়েছে এবং জকসুতে এসে আপাতত থেমেছে। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের নির্বাচনে ইতিহাস সৃষ্টি হবে।” তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, বীর চট্টলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “জামায়াতে ইসলামী একাই ক্ষমতায় আসতে চায় না; ক্ষমতায় আসবে এ দেশের ১৮ কোটি মানুষ। আমরা চাই রাষ্ট্রের সবকিছু সাধারণ মানুষের মাঝে সমানভাবে বণ্টন করে দিতে। যারা ১৩ তারিখ থেকে একটি নতুন বাংলাদেশ দেখতে চান, তারা ১১ দলীয় জোটকে ক্ষমতায় আনবেন।” বক্তব্য শেষে তিনি চট্টগ্রাম উত্তরের সাতটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান এবং ডাকসুর জিএস এস.এম. ফরহাদ। এছাড়াও চট্টগ্রাম-১ থেকে ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা এবং চাকসু ভিপি ইব্রাহিম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

  • জামায়াতে ইসলামী
  • ডা. শফিকুর রহমান