শেখ হাসিনাকে ফেরত চাইবে বিএনপি সরকার: ভারত কি দিবে সায়?

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 hours ago

বিগত গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশটির কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, “আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার একটি আইনি বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব—মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে যেন বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হয়।”

এদিকে, সালাউদ্দিন আহমদের এমন মন্তব্যের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ ইন্ডিয়া’ এক প্রতিবেদনে জানিয়েছে, বিএনপির এই প্রকাশ্য দাবির পর ভারত সরকার এখন পর্যন্ত নতুন কোনো মন্তব্য করেনি।

তবে এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাবে ভারতের অবস্থান ছিল কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন। গত বছরের নভেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছিলেন যে, তারা বাংলাদেশের আবেদনটি ‘পর্যবেক্ষণ’ করছেন। সে সময় তিনি আরও বলেছিলেন, ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ কল্যাণ এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া বিএনপির জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হবে। এখন দেখার বিষয়, নতুন সরকার গঠনের পর ভারতের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসে কি না।