ভোট দেওয়ায় গৃহবধূকে তালাক!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

ফেনী প্রতিনিধি

স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেওয়ার অপরাধে ফেনীতে বিবি জহুরা নামে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল হোসেন কাওসার ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কাওসার তার স্ত্রীকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য কড়া নির্দেশ দেন। কিন্তু প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে বিবি জহুরা অত্যন্ত উৎসাহী ছিলেন। বৃহস্পতিবার সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি গোপনে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।বিকেলে বাড়ির পাশের লোকজনের আলাপে জহুরার ভোট দেওয়ার বিষয়টি জানতে পারেন কাওসার। এতে ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীকে মৌখিকভাবে তিন তালাক দেন এবং তাকে ঘরে ঢুকতে বাধা দেন। এই ঘটনায় তিন সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন জহুরা।

এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং কাওসারকে ধরে মারধর করে আটকে রাখেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান কাওসার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বামীর এই অমানবিক আচরণের বিচার দাবি করেছেন স্থানীয় নারী সমাজ ও জহুরার পরিবার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপের খবর পাওয়া যায়নি।