
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি
স্পোর্টস ডেস্ক
নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার ও বিসিবি। বর্তমান পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। ভারতের পরিবর্তে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের দাবিতেই অটল থাকছে কর্তৃপক্ষ।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই, তবে সেটা সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায়। ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে আমরা এখনো অনড় আছি।’ তিনি আরও আশা প্রকাশ করেন যে, আইসিসি বাংলাদেশের যৌক্তিক দাবিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করবে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের নিরাপত্তা শঙ্কা নিয়ে আইসিসির সঙ্গে পুনরায় যোগাযোগ করা হবে। তিনি বলেন, ‘সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা ভারতে যাচ্ছি না। এই অবস্থান পরিষ্কার করে আজ বা আগামীকালের মধ্যেই আইসিসিকে আবারও চিঠি পাঠানো হবে।’
মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই কূটনৈতিক ও ক্রীড়া অস্থিরতার শুরু। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়।বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু নিয়ে এই জটিলতা এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
