
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ১২১ ভোট। ফলে ৩২ হাজার ৬৬২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো এ আসনে বিএনপির কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন ইতিহাস হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। বিজয়ী এম এ হান্নান বর্তমানে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৮২৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ১৮৬টি, যা প্রায় ৫৩ শতাংশ। অন্যান্য প্রার্থীদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ২৩ হাজার ৮৮৮ এবং কলার ছড়ি প্রতীকে ১৭ হাজার ৬১৪ ভোট,হাতপাখা প্রতীকে ৮৯৪,লাঙ্গল প্রতীকে ২৬৪, আপেল প্রতীকে১৩৮, হাঁস প্রতীকে ১০৬ ভোট পড়েছে।ইউনিয়নভিত্তিক ফলাফলে দেখা গেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিয়নে বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন ধানের শীষের প্রার্থী।গোকর্ণ ইউনিয়ন ধানের শীষ ১২,৪১৯ ভোট, ঘোড়া ২,৬১৫, ব্যবধান ৯,৮০৪। চাতলপাড় ইউনিয়ন ধানের শীষ ১১,৪০৯, ঘোড়া ৩,১৪৭ ব্যবধান ৮,২৬২। ভলাকুট ইউনিয়ন ব্যবধান ৩,৫০২ ভোট। নাসিরনগর সদর ইউনিয়ন ব্যবধান ৩,৩৫৭ ভোট।কুন্ডাইউনিয়ন ব্যবধান ২,২৭৩ ভোট।বুড়িশ্বর ইউনিয়ন ব্যবধান ২,০৪৫ ভোট।তবে ধনমন্ডল ইউনিয়নে ছিল হাড্ডাহাড্ডি লড়াই (ব্যবধান মাত্র ৯০ ভোট) এবং হরিপুর ইউনিয়নে ব্যবধান ছিল ৬৬৯ ভোট। ফান্দাউক ইউনিয়নে ঘোড়া প্রতীক বড় লিড নিলেও সামগ্রিক ফলাফলে তা প্রভাব ফেলতে পারেনি।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় এম এ হান্নান বলেন, এই বিজয় নাসিরনগরের সাধারণ মানুষের বিজয়। তারা অন্যায়-অবিচার ও অবহেলার বিরুদ্ধে ভোটের মাধ্যমে রায় দিয়েছেন। আমি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, আমার প্রতি আস্থা রাখায় আমি নাসিরনগরের জনগণের কাছে কৃতজ্ঞ। এই ঐতিহাসিক জয় ধরে রাখতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
নির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।
