
নিজস্ব প্রতিনিধি, ঢাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে সাময়িক সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে বিকাশ, নগদ বা রকেটের মতো সেবা ব্যবহার করে একজন গ্রাহক একবারে সর্বোচ্চ এক হাজার টাকা লেনদেন করতে পারবেন। দিনে মোট লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকিং অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। মূলত নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অবৈধ অর্থের লেনদেন ঠেকাতেই নির্বাচন কমিশনের সুপারিশে এই ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বর্তমানে এমএফএস গ্রাহকরা দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারলেও প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করা যাবে এবং প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা। তবে প্রয়োজন ভেদে এই সীমার অংক সামান্য পরিবর্তন হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে লেনদেন সীমিত করার কাজ চলছে এবং এ বিষয়ে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি করা হবে।
লেনদেন সীমাবদ্ধ করার পাশাপাশি নগদ টাকা জমা ও উত্তোলনের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ব্যাংক হিসাবে একদিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিএফআইইউতে বাধ্যতামূলক প্রতিবেদন দাখিল করতে হবে। কোনো অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
