প্রশাসন কোনো পক্ষের হয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুর

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago
ছবি: নুরুল হক নুরের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো বিশেষ পক্ষের হয়ে কাজ করে, তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে না।

মঙ্গলবার সকালে গলাচিপা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নুর বলেন, দীর্ঘ আকাঙ্ক্ষিত ভোটের অধিকার ফিরে পেতে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠছে। তারা যদি মাঠের বাস্তবতা উপেক্ষা করে দায়িত্ব পালন করে, তবে নির্বাচন নিয়ে শঙ্কা কাটবে না।

সংবাদ সম্মেলনে নুর অভিযোগ করেন, তাদের নেতাকর্মীরা জনসংযোগে যাওয়ার সময় ট্রলার থেকে নামার পথে হামলা ও ভাঙচুরের শিকার হচ্ছেন। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি করেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে ভিডিও ধারণ করছে এবং সেই ভিডিও যাচাইবাছাই ছাড়াই কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে প্রচার করা হচ্ছে।

নুরুল হক নুর আরও বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের মতো জোটবদ্ধ প্রার্থীরাই যদি বাধার সম্মুখীন হন এবং প্রশাসন নীরব থাকে, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি দাবি করেন, এই নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে এবং তার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করা হচ্ছে। তাকে আটকাতে প্রতিপক্ষরা মরিয়া হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, এই আসনে বিএনপি নুরকে সমর্থন দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে।

  • নুরুল হক নুর
  • পটুয়াখালী-৩
  • বিএনপি সমর্থিত প্রার্থী