
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় অবস্থিত ইস্কন পরিচালিত শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে মন্দিরের কলাপসিবল গেট ও পাঁচটি কক্ষের তালা ভেঙে মূল্যবান বিগ্রহ এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মন্দির সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মন্দিরের সেবায়েত অধ্যক্ষ সুকদা বলরাম দাস প্রতিদিনের মতো সেবা দিতে গিয়ে দেখেন কক্ষগুলোর তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র তছনছ করা। চোরেরা মন্দিরের দানবাক্সের টাকা ছাড়াও পূজায় ব্যবহৃত পিতলের আসন, রাধামাধব, গৌর-নিতাই ও গোপাল বিগ্রহের সেটসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় জানান, শত বছরের পুরনো এই মন্দিরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে আড়াইটার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে। চুরির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাসিরনগর থানার ওসি (তদন্ত) কৃষ্ণলাল ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্ত করতে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এই চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্ত ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
