
ঢাবি প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অভাবনীয় সাফল্যের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিনব এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বামপন্থি শিক্ষার্থীদের একাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে পিকআপ ভ্যানে উচ্চশব্দে গান বাজিয়ে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মিছিল করেন তারা।
বিকেল ৪টার দিকে নীলক্ষেত ও টিএসসি এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে বাম সংগঠনগুলোর কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। মিছিলকারীরা প্রিন্স মাহমুদের জনপ্রিয় গান ‘সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে’ এবং বিভিন্ন রাজনৈতিক প্যারোডি গান বাজিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। সন্ধ্যার দিকে তারা টিএসসিতে অবস্থান নিয়ে গানের তালে নেচে-গেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এই আয়োজনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী এনামুল হাসান অনয় বলেন, “জামায়াতের আস্ফালন আমরা কিছুটা হলেও দমিয়ে দিতে পেরেছি। তবে তারা এখন কার্যত বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ায় বিপদ কাটেনি। বাংলাদেশের মানুষ যে জামায়াতকে পছন্দ করে না, সেটি আমরা বারবার প্রমাণ করব।”
এদিকে, এই কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করে লেখেন, “প্রয়োজনে গান আরও জোরে চালাও। আমারে গালি আরও দাও, কোনও সমস্যা নাই। কিন্তু, বাড়ি বাড়ি আক্রমণ ও দোকানপাট ভাঙচুর থামাও।” তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি তা সরিয়ে ফেলেন।
ভিপির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অনয় বলেন, “উনি এমন পোস্ট করতেই পারেন। কিন্তু একাত্তরের গণহত্যা এবং পরবর্তী সময়ে রগ কাটা বা সংখ্যালঘু নিপীড়নের রাজনীতি কারা করেছে, তা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। এসব ভুলে গেলে চলবে না।”
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক মেরুকরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন বেশ উত্তপ্ত। একদিকে জামায়াত ও শিবিরের প্রকাশ্য তৎপরতা, অন্যদিকে বামপন্থি ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পাল্টা কর্মসূচি—সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
