
নির্বাচন কমিশনে তারেক রমান (ছবি সংগৃহীত)
অনলাইন ডেস্ক.
ঢাকা-১৭ সংসদীয় আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই আসনের আওতাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমানও।
শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তারেক রহমান অনলাইনে ভোটার নিবন্ধনের ফরম পূরণ করেছেন। এখন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে নির্ধারিত কেন্দ্রে এসে আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করতে হবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে তার তথ্য সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে, যা অন্য কোনো ব্যক্তির সঙ্গে মিলছে কি না তা পরীক্ষা করবে।
এ এস এম হুমায়ুর কবীর আরও বলেন, যাচাই প্রক্রিয়ায় কোনো মিল না পাওয়া গেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তার জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) তৈরি হবে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কারও হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। এনআইডি নম্বর তৈরি হলে সরাসরি অফিস থেকে স্মার্টকার্ড সংগ্রহ করা যাবে অথবা মোবাইল ফোনে পাঠানো বার্তার মাধ্যমে তা ডাউনলোড করেও নেওয়া সম্ভব হবে।
এদিকে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন।
তার গাড়িবহর শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে। নির্বাচন কমিশনে গিয়ে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন বলে জানা গেছে।
