
সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সরকার পতনের আন্দোলনে শহীদ জোবায়ের ওমর খানকে স্মরণে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ‘জুলাই-আগস্ট শহীদ স্মরণ মাস’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কসবায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার নামে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ মাঠে একাডেমিক ভবনের সামনে শহীদের নামে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম। তিনি জানান, “সরকারি নির্দেশনা অনুযায়ী শহীদদের স্মরণে বৃক্ষরোপণের অংশ হিসেবে কসবায় একমাত্র শহীদ জোবায়ের ওমরের নামে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে গাছ লাগানো হচ্ছে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার আত্মত্যাগ স্মরণে রাখতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ জায়েদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ বাছির আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা হিজবুল্লাহ হেলালি প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ঢাকায় সরকার পতনের দাবিতে চলমান আন্দোলনের শেষ দিনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জোবায়ের ওমর খান। তিনি কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের পুত্র। তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই উপজেলা প্রশাসনের এই উদ্যোগ।
