শরিয়তসম্মত কারণ ছাড়া অবশ্যই দ্বিতীয় বিয়ে জায়েজ নেই: আল্লামা ইমাম হায়াত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 weeks ago

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:

শরিয়তসম্মত সুনির্দিষ্ট কারণ ও শর্ত ছাড়া কেবল জৈবিক চাহিদার ভিত্তিতে দ্বিতীয় বিয়ে করা ইসলামে জায়েজ নেই বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, যথাযথ কারণ ছাড়া পুনরায় বিয়ে করা এক ধরণের জুলুম, হারাম এবং বিশ্বাস ঘাতকতা।

আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলাম কোনো উগ্রবাদ, জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের নাম নয়। প্রকৃত ইসলাম হলো স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে মহানবী (সা.) ও আহলে রাসুলের প্রতি প্রেমের ধারা, যেখানে জগতের সকল মানুষের কল্যাণ ও ভালোবাসা নিহিত। তিনি আরও উল্লেখ করেন, ইসলামে লিঙ্গভেদে কোনো বৈষম্য নেই। ভাই-বোন তথা নারী ও পুরুষ সবার সমান মর্যাদা, মালিকানা এবং দায়িত্ব ইসলামে স্বীকৃত।

মওদুদিবাদ, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ ও তালেবানি মতাদর্শকে ইসলামের নামে ‘আসল ইসলামকে জবাই করা’ হিসেবে আখ্যায়িত করেন ইমাম হায়াত। তিনি বলেন, এই মতবাদগুলো ইসলামের প্রকৃত শিক্ষা ও চেতনার পরিপন্থী। প্রকৃত ইসলাম কেবল আইন বা বিধানের ওপর নয়, বরং ঈমান ও মানবতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

রাষ্ট্র ও রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের নামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর রাষ্ট্র নয়, বরং সব মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা একটি অসাম্প্রদায়িক এবং সর্বজনীন ‘মানবতার রাষ্ট্র’ প্রতিষ্ঠাই ইসলামের মূল নির্দেশ। তিনি মনে করেন, ইসলামের নামে কোনো রাজনৈতিক দল গঠন বা ধর্ম চাপিয়ে দেওয়া কোরআনের শিক্ষার বিরোধী। কারণ আল্লাহ তায়ালা ধর্মে জবরদস্তি নিষিদ্ধ করেছেন।

ইমাম হায়াত আরও যোগ করেন, মহানবী (সা.) কেবল মুসলিমদের জন্য নন, বরং সকল সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাই তাঁর প্রদর্শিত পথে ‘খেলাফতে ইনসানিয়াত’ বা সর্বজনীন মানবতাবাদী বিশ্বব্যবস্থাই হলো আসল ইসলামের রূপরেখা। তাঁর ভাষায় এই লক্ষ্য হলো— “State and world of universal humanity based on authority of every life irrespective of faith without any materialistic discrimination beyond all inequality and borders.”

  • আল্লামা ইমাম হায়াত
  • ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
  • দ্বিতীয় বিয়ে