
দক্ষিণ ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নন্দিনী
বিনোদন ডেস্ক.
গ্ল্যামার জগতের ঝলমলে আলোর আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা আবারও এক প্রাণ কেড়ে নিল। দক্ষিণ ভারতের ছোট পর্দার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ নন্দিনী সিএম-এর রহস্যময় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। বেঙ্গালুরুর নিজ বাসভবন থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া এক সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য জন্মদাতা মা-বাবাকেই দায়ী করেছেন নন্দিনী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কন্নড় ও তামিল সিরিয়ালের জনপ্রিয় মুখ নন্দিনী বর্তমানে ‘গৌরী’ নামক একটি মেগা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। কাকতালীয়ভাবে, মৃত্যুর আগে তিনি একটি শুটিং দৃশ্যে অভিনয় করেছিলেন যেখানে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা যায়। শুটিং শেষ করে বাসায় ফেরার পরই তিনি বাস্তব জীবনে আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নন্দিনী দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন। তার উদ্ধারকৃত সুইসাইড নোটে অভিযোগ করা হয়েছে যে, মা-বাবা তাকে বিয়ের জন্য প্রতিনিয়ত মানসিক চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি এই মুহূর্তে বিয়ের জন্য মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না। এই পারিবারিক কলহ ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কর্ণাটকের পুত্তুরের মেয়ে নন্দিনী পেশাগত কারণে বেঙ্গালুরুতে বসবাস করতেন। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’, ‘নিনাদে না’ এবং ‘জিভা হুভাগিদে’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তার এমন অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী ও ভক্তরা। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
