

বগুড়া প্রতিনিধি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নবনিবন্ধিত রাজনৈতিক দল ‘আমজনতা পার্টি’র প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের হাত থেকে মনোনয়নপত্র নেওয়ার পর হিরো আলম সাংবাদিকদের জানান, আজ বিকেল ৫টার মধ্যেই তিনি এটি পূরণ করে জমা দেবেন। নির্বাচনে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমি বিগত সময়ে বারবার হামলা ও মামলার শিকার হয়েছি। তাই বর্তমান পরিস্থিতিতে আমার নিরাপত্তার জন্য সরকারি ‘গানম্যান’ প্রয়োজন। আমার মতো আরও অনেক প্রার্থীও নিরাপত্তার অভাব বোধ করছেন এবং গানম্যান চাচ্ছেন।”
নির্বাচন সুষ্ঠু হওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিগত কয়েকটি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, তবে এবার সবাই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে।
বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করে হিরো আলম বলেন, “অনেকে আমাকে সদর আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। তার প্রতি সম্মান জানিয়ে আমি ওই আসন থেকে সরে দাঁড়িয়েছি। আমি আগেও বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেছি এবং এবারও এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করতে চাই।”
উল্লেখ্য যে, এর আগে ২০১৮ সালে বগুড়া-৪ এবং ২০২৩ সালের উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ উভয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম। এবারই প্রথম তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে ‘প্রজাপতি’ প্রতীকে নির্বাচনী লড়াইয়ে নামছেন।