

নিজস্ব প্রতিবেদক, মোহনগঞ্জ: ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলরত ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে বুধবার দিবাগত গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি চলাকালে যাত্রীদের পাল্টা হামলায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার আজমাইল হোসেন নিঝুম (৩০) এবং বলাশপুর এলাকার মো. মেহেদী হাসান তানভীর (১৮)।
রেলওয়ে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত আনুমানিক ২টা নাগাদ ট্রেনটি ময়মনসিংহ জংশন ছেড়ে যাওয়ার পর যাত্রীবেশে থাকা ডাকাতরা ট্রেনের ‘ঞ’ বগিতে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ফেলে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করতে শুরু করে।
প্রত্যক্ষদর্শী যাত্রী রতন মিয়া ও সারোয়ার মিয়া জানান, লুটের একপর্যায়ে কয়েকজন সাহসী যাত্রী একত্রিত হয়ে ডাকাতদের ওপর পাল্টা হামলা চালান। এসময় দুই ডাকাত ধরা পড়লেও বাকিরা গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনের গতি কমলে লাফিয়ে পালিয়ে যায়। পরে ট্রেনটি মোহনগঞ্জে পৌঁছালে আটককৃতদের পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই ডাকাতের কাছ থেকে দুটি বড় স্টিলের চাকু ও দুটি লুণ্ঠিত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়ার জন্য ময়মনসিংহ রেলওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।