

হবিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার আপন ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন। তবে দেশের বর্তমান অরাজক পরিস্থিতি দেখলে তার ভাই হয়তো মুক্তিযুদ্ধে অংশ নিতেন না বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমার যে ভাই দেশের জন্য জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি আজকের বাংলাদেশের এই চিত্র দেখলে তিনি হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না। কারণ আজও এ দেশে মায়েরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নন। চাঁদাবাজ আর মামলাবাজদের ভয়ে মানুষ অতিষ্ঠ। দুর্নীতি সমাজকে আগাগোড়া গ্রাস করেছে। এই বাংলাদেশের জন্য কি মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন?”
নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, “এ দেশে ভোটের আগে নেতারা পীর-দরবেশ সেজে আসেন, কিন্তু ভোট শেষে আর তাদের দেখা যায় না। জামায়াত ক্ষমতায় আসলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে থাকবে। ৫ আগস্টের পর আমাদের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। আমরা ক্ষমতায় আসলে প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে, তা নিশ্চিত করা হবে।”
জেলা জামায়াত আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডা. শফিকুর রহমান সিলেট অঞ্চলের জোটভুক্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমির ও হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু এবং জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।
এছাড়াও জনসভায় জাগপা, নেজামে ইসলাম এবং গণ অধিকার পরিষদ থেকে সদ্য জামায়াতে যোগ দেওয়া নেতৃবৃন্দসহ জোটের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।