

নিজস্ব প্রতিবেদক.
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি ও বিদেশি অপশক্তি অতীতের মতো এখনও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিজয় দিবস উপলক্ষে সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক দলীয় আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।তারেক রহমান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র একেবারে নতুন কিছু নয়। অতীতেও যেমন এ ধরনের অপচেষ্টা ছিল, বর্তমানেও তা অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীদের বাহ্যিক রং, রূপ ও চেহারা বদলাতে পারে, কিন্তু তাদের মূল চরিত্র ও উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয়নি।আলোচনা সভায় বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। তিনি বলেন, একটি পতিত ও পলাতক চক্র নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে বিকৃতি ঘটিয়েছে।তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় ইতিহাসে রূপান্তর করার অপরিণামদর্শী প্রচেষ্টার ফলেই বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র ‘বিজয়’-এর নতুন ইতিহাস রচনার অপচেষ্টা চালাচ্ছে।তিনি বলেন, এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে জাতীয় ঐক্য ও সচেতনতা অত্যন্ত জরুরি।