

আল আমিন হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধি:
দেশের কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার মহতী লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুচারু উদ্যোগে বেলকুচি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী, তৃণমূলের সফল কৃষক প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকার সুধীজন অংশ নেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্যে বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক, কৃষিবিদ ইসমাইল হোসেন বলেন, “দেশের সামগ্রিক কৃষিকে আরও লাভজনক, আধুনিক ও টেকসই করতে হলে প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই।” তিনি সাধারণ কৃষকদের পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের ফসল উৎপাদন, সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক নতুন নতুন স্বাধীন উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন বেলকুচি উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর। তিনি প্রকল্পের লক্ষ্য তুলে ধরে বলেন, “পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ের কৃষকদের উন্নত আধুনিক প্রশিক্ষণ, যুগোপযোগী প্রযুক্তিগত সহায়তা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নানাবিধ ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অত্যন্ত কার্যকর ও বৈজ্ঞানিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”উক্ত পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।
তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, কৃষিকে কেবল জীবিকার মাধ্যম না রেখে একটি লাভজনক ও বৃহৎ কর্মসংস্থানমুখী বাণিজ্যিক খাতে রূপান্তর করতে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প মাঠপর্যায়ে অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সাধারণ কৃষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়াতে সংশ্লিষ্ট সকলকে একযোগে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) রেজাউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন, কৃষি সম্প্রসারণ সার্কেল অফিসার সাব্বির আহমেদ শুভসহ কৃষি বিভাগের বিভিন্ন মাঠ কর্মকর্তা, সফল কৃষক-কৃষাণী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।