

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের পাইলট মোড় এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, বিএনপি নেত্রী ও স্থানীয় এক নারী ইউপি সদস্য ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন—এমন অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন এক জামায়াত সমর্থক। এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। মঙ্গলবার দুপুরে পাইলট মোড় এলাকায় প্রচারণার সময় ভোজেশ্বর ইউনিয়ন জামায়াতের আমির কাহেদ নজরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা সবুজ মাদবরের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহত যুবদল নেতা মিজান শিকদার ও সবুজ মাদবর অভিযোগ করেন, তারা প্রচারণা শেষে অবস্থান করার সময় জামায়াত ও শিবিরের কর্মীরা মোটরসাইকেলযোগে এসে অতর্কিত হামলা চালায়। অন্যদিকে, আহত জামায়াত কর্মী মিজানুর রহমান দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর পেশিশক্তির প্রভাব দেখিয়ে হামলা শুরু করে এবং ভিডিও করার সময় তাদের মারধর করা হয়। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক পক্ষের মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অন্য পক্ষ ক্ষুব্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।