

ঢাকা প্রতিনিধি
রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ পরিচালনা করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত দুই ফায়ার ফাইটার হলেন— মোহাম্মদপুর ফায়ার স্টেশনের মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)।ঘটনার বিবরণ মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, সকালে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে লাগা আগুন নেভাতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে পানির লাইন সংযোগ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লেগে আলমগীর ও শফিউল গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান।বর্তমান অবস্থা ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই ফায়ার কর্মীকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।উল্লেখ্য যে, কারওয়ান বাজার এলাকায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছিল। দায়িত্ব পালন করতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন দুই সাহসী কর্মী।