

নিজস্ব প্রতিবেদক
বিএনপি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে অসহিষ্ণু হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ফেনী-২ (সদর) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ঈগল প্রতীকের এই প্রার্থী অভিযোগ করেন, “ফরহাদনগর এলাকায় বিএনপির সমর্থকরা আমাদের কর্মীদের ওপর আক্রমণ করছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। সকাল থেকেই তারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা আগেই এ বিষয়ে প্রশাসনকে সতর্ক করে তালিকা দিয়েছিলাম।”
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, “বিএনপি পরাজয় নিশ্চিত জেনে সন্ত্রাস ও গুজবের পথ বেছে নিয়েছে। যদি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তবে তারা এই সন্ত্রাসকে ভালো চোখে দেখবে না। গতকাল রাতেও বিভিন্ন স্থানে তারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে এবং দু-একটি জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা আরও জোরালো হওয়া উচিত ছিল।”আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আশা করেন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং সন্ত্রাস রুখতে কার্যকর ভূমিকা পালন করবে।
এদিকে, সকাল থেকে ফেনী শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সদর উপজেলার কেন্দ্রগুলোতেও ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই আসনে বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ফেনী-২ আসনে এবার ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, যিনি সকালে সরকারি বিএড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন।