

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলাকে মধ্যযুগীয় বর্বরতা হিসেবে অভিহিত করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত এক গণমাধ্যম সম্মিলনে তিনি এই আশঙ্কার কথা জানান।
নূরুল কবীর বলেন, “আজকে এটার মধ্যে হয়েছে, কাল আপনারটার মধ্যে হবে, পরশুদিন আরেকটার মধ্যে হবে। গণমাধ্যমকর্মীদের এই হামলাকে সমর্থনের সুযোগ নেই। এমন পরিস্থিতিতে সব গণমাধ্যম সমানভাবে হুমকির মুখে আছে।” তিনি আরও উল্লেখ করেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও আগুন দেওয়া কোনো সাধারণ ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এটি সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার শামিল।
সম্মিলনে তিনি অভিযোগ করেন, হামলার সময় দমকল বাহিনীকে আসতে বাধা দেওয়া হয়েছিল, যা চরম নিষ্ঠুরতা। তিনি বলেন, “গণমাধ্যম যদি উচ্চকণ্ঠ না থাকে, তবে সমাজে অপরাধ ছড়িয়ে পড়বে। তাই গণতন্ত্র রক্ষা ও ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মিলনে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা স্বাধীন ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানানোর অঙ্গীকার করেন।