

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:
মুক্ত সংস্কৃতির প্রবাহ এবং ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ ও মব সন্ত্রাস নির্মূলের মাধ্যমেই সব মানুষের জন্য একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। সম্প্রতি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বর্ষপরিক্রমা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
আল্লামা ইমাম হায়াত উল্লেখ করেন, চন্দ্রবর্ষ, সৌরবর্ষ বা ঋতুবর্ষ কোনো একক ধর্মের নিজস্ব সম্পদ নয়, বরং এগুলো আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক বিষয় যা সমগ্র মানবজাতির কল্যাণে নিবেদিত। এসব বিষয়কে কোনো একক জাতীয়তাবাদ বা ধর্মের ছাঁচে ফেলা চরম মূর্খতা ও মানবতাবিরোধী অন্যায়। তিনি বলেন, বর্ষপরিক্রমা সরাসরি ধর্মীয় বিষয় না হলেও জীবনের অংশ হিসেবে ধর্মের কার্যধারায় যুক্ত। যেমন ইবাদতের ক্ষেত্রে আমরা চন্দ্র ও সূর্য উভয় পরিক্রমাই অনুসরণ করি।
বিবৃতিতে তিনি আরও বলেন, মহররম মাস মূলত ঈমানী শোক ও কারবালার মহান শাহাদাতের লক্ষ্য বাস্তবায়নে শপথ নেওয়ার মাস। এই মাসে আনন্দ বা উৎসব উদযাপনের কোনো অবকাশ নেই। বিশেষ করে পবিত্র কেবলাভূমি দখল এবং বিশ্বজুড়ে মুসলিম মিল্লাতের ওপর চলমান নিপীড়নের এই ক্রান্তিকালে চন্দ্র নববর্ষের শুভেচ্ছা বিনিময় বা উৎসবে মেতে ওঠা মানসিক বিকৃতি ও দুঃখজনক।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা মহররমের সূচনায় শোকের পরিবর্তে আনন্দ উৎসব পালন করে, তাদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। শাহাদাতে কারবালার শোক কেবল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং এটি সমগ্র মানবতার শোক। এই মহিমান্বিত ত্যাগের প্রকৃত শিক্ষা আড়াল করে তথাকথিত ‘ইসলামিক কালচার’ প্রদর্শনের মাধ্যমে দ্বীন ও মিল্লাতের ক্ষতি করা হচ্ছে।
আল্লামা ইমাম হায়াত আহ্বান জানান, হিজরী নববর্ষ বা চন্দ্রবর্ষ পালনের শরীয়তসম্মত কোনো ভিত্তি নেই। বরং শাহাদাতে কারবালার লক্ষ্য অর্থাৎ তাওহীদ-রেসালাতের আলোয় জুলুমমুক্ত সমাজ ও ইনসানিয়াতি রাষ্ট্র (Universal Humanity) গড়ার শপথ নিয়েই মহররম অতিবাহিত করা উচিত। সব ধরনের উগ্রবাদ ও বস্তুবাদী মতবাদ পরিহার করে সত্যের পথে চলাই মুমিনদের আসল পরিচয়।