

নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আজকের দিনটি আমাদের জাতির জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। দীর্ঘ দেড় বছরের প্রতীক্ষার পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আদমজী কলেজে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, “সকাল থেকেই আমি সারাদেশে কী হচ্ছে সেই খবর নিয়েছি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশের সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যান এবং নিজের পছন্দমতো ভোট দিন।”
নির্বাচন কাভারেজে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আপনারা মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানানোর ফলে তারা আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে যাওয়ার উৎসাহ পাচ্ছেন। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।”