

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জামায়াতে ইসলামী ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ায় তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
গাজী আতাউর রহমান বলেন, “জামায়াতে ইসলামী খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ ইসলামী আন্দোলন শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে রাজনীতি করে। এই অবস্থান আমাদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।” তিনি আরও অভিযোগ করেন, জামায়াত বিএনপির সাথে সমঝোতার নির্বাচনের পথে হাঁটছে, যা জনগণের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশার বিরোধী।
জোট ভাঙার পেছনে ভোটব্যাংক নিয়ে জামায়াতের কটাক্ষকেও দায়ী করেন তিনি। গাজী আতাউর রহমান জানান, গত ৯ ডিসেম্বর জামায়াতে ইসলামী-র আমির পীর সাহেবের ভোটব্যাংক নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “পীর সাহেবের প্রতি এই অপমানজনক আচরণের পর থেকেই আমরা বিকল্প সিদ্ধান্তের কথা ভাবতে শুরু করি।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন এখন থেকে ‘এক হাতে হাতপাখা’ নীতি গ্রহণ করেছে। দলটি দেশের ২৬৮টি সংসদীয় আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ভবিষ্যতে অন্য কোনো ইসলামপন্থি শক্তি ঐক্য করতে চাইলে আলোচনার পথ খোলা রাখা হয়েছে বলে জানান তিনি।