

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, নির্বাচিত হলে দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর ওপর পূর্বচাইরগাঁও-সোনাপুর-সারপিনপাড়া এলাকায় একটি আধুনিক ত্রৈমাত্রিক সেতু নির্মাণ করা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে ইউনিয়ন জামায়াত আয়োজিত এক বিশাল গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও ছাতক-দোয়ারাবাজারের মানুষ অবহেলিত রয়ে গেছে। অতীতের জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নের চেয়ে নিজেদের পকেট ভরতেই বেশি ব্যস্ত ছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন, দায়িত্ব পেলে অগ্রাধিকার ভিত্তিতে ছাতক ও দোয়ারাবাজারে দুটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবেন এবং সব ধরনের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে এলাকাকে মডেল হিসেবে গড়ে তুলবেন।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস এবং অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, এই সমাবেশ চলাকালীন নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজসহ বিএনপি ও অন্যান্য দলের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ২ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।