

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বিদেশে পাঠানোর নামে ভুয়া ভিসা ও কাজের পারমিট দেখিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ‘দি গুলজার ওভারসীজ (Guljar Overseas)’-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর গোলজার হোসেনের বিরুদ্ধে নরসিংদী সদর উপজেলার বাউশিয়া গ্রামের এই প্রতারণার অভিযোগ তুলেছেন অর্ধশতাধিক ভুক্তভোগী।
অভিযোগ অনুযায়ী, গোলজার হোসেন সার্বিয়া, বেলারুশ, পর্তুগাল ও রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ জন মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। টাকা নেওয়ার পর তিনি ভুয়া ওয়ার্ক পারমিট সরবরাহ করেন এবং এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ধরা পড়ার ভয়ে তিনি বারবার তাঁর অফিস ও বাসা পরিবর্তন করেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
প্রতারণার শিকার সাইমন নামক এক ব্যক্তি জানান, গোলজার হোসেনকে একবার ধরা হলে তিনি ক্ষমা চেয়ে এবং টাকা ফেরতের আশ্বাস দিয়ে মুক্তি পান। কিন্তু কিছুদিন পর পুনরায় একই কৌশলে প্রতারণা শুরু করেন। এর ফলে বহু মানুষের বিদেশ যাওয়ার স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে।
অভিযুক্ত ও প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য:
নাম: গোলজার হোসেন (Guljar Hossain)
পদবি: ম্যানেজিং ডিরেক্টর, দি গুলজার ওভারসীজ।
অফিস ঠিকানা: ৩৭/২, ফায়নাজ টাওয়ার, কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা।
ই-ট্রেড লাইসেন্স নং: TRAD/DSCC/021442/2023 (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন)।
বর্তমানে গোলজার হোসেন পলাতক রয়েছেন এবং তাঁর অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভুক্তভোগীরা তাঁর সন্ধানদাতার জন্য এক লক্ষ টাকা (১,০০,০০০ ৳) পুরস্কার ঘোষণা করেছেন।
ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা দাবি জানিয়েছেন যেন অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে আত্মসাৎকৃত টাকা উদ্ধারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরণের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার এবং তথ্যটি শেয়ার করে অন্যদের সচেতন করার অনুরোধ জানিয়েছেন তারা।