

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত দেশজুড়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, “আমি ঢাকার ভোটার হিসেবে ভোট দিলাম। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও পরিবেশ অত্যন্ত চমৎকার। আমার প্রত্যাশা, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদিন মানুষ নির্ভয়ে এবং সুষ্ঠুভাবে তাদের ভোট দিতে পারবেন।” তিনি সাধারণ মানুষকে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও তাদের অনেক নেতাকর্মী মাঠে ‘না’ ভোটের প্রচারণা করছেন। এটি তাদের রাজনৈতিক দ্বিচারিতা। তবে আমি বিশ্বাস করি, ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং বিপুল ব্যবধানে জয়ী হবে।”
নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি নেতা বলেন, কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপ বাড়িয়েছে। প্রার্থীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনাও ঘটেছে। তবে নাগরিকদের ভোটাধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটের এই স্বাভাবিক পরিবেশ দিনের শেষ পর্যন্ত বজায় থাকবে।