

বরগুনা প্রতিনিধি
বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনে জয়লাভের মাধ্যমে প্রথমবারের মতো দলটির কোনো প্রার্থী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে এই অভূতপূর্ব জয় পায় ‘হাতপাখা’ প্রতীক।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি দেশব্যাপী ২৬৮টি আসনে প্রার্থী দিলেও একমাত্র বরগুনা-১ আসনেই এই ঐতিহাসিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়।
বিজয়ী হওয়ার পর মো. অলি উল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, “বরগুনার জনগণ এখন আমার জিম্মাদার। তাদের দেওয়া দায়িত্ব একটি আমানত। ক্ষমতার চেয়ারে বসা মানে আগুনের চাদর গায়ে দেওয়া। কারণ, জনগণ যদি কষ্ট পায়, তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাদের উন্নয়ন এবং মনোবাসনা পূরণ করাই এখন আমার প্রধান চিন্তা।”
বিগত কয়েক দশকের রাজনৈতিক সমীকরণে বরগুনা-১ আসনে বিএনপির শক্ত অবস্থান থাকলেও, অলি উল্লাহর এই জয়কে স্থানীয় সাধারণ মানুষের নীরব বিপ্লব হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।