

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানা, একটি গোডাউন ও দুটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারখানার একটি মেশিন চালু থাকা অবস্থায় হঠাৎ বৈদ্যুতিক মিটারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা কারখানা ছাড়িয়ে পাশের গোডাউন ও দুটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত কারখানার মালিক মো. রুবেল মিয়া আহাজারি করে বলেন, "দরুইন এলাকায় আমার একটি তুলার কারখানা, একটি গোডাউন ও দুটি মুদি দোকান ছিল। প্রতিদিনের মতো শ্রমিকরা কারখানায় কাজ করছিল। হঠাৎ মিটারে আগুন ধরে নিমিষেই সব শেষ হয়ে গেল। অনেক কষ্টে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো এখন কয়লা।"
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নান্নু মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি তুলার কারখানা, একটি গোডাউন ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরণের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।